চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর: ইসি সচিব
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৯-২০২৫ ০৪:০৬:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৯-২০২৫ ০৭:৫৫:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আমরা এবার তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩১ অক্টোবর।
নির্বাচন উপকরণ সংগ্রহে কোনো ঘাটতি নেই জানিয়ে আখতার আহমেদ আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় নির্বাচন সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। এ ছাড়া প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। তবে প্রবাস থেকে নিবন্ধনের পর নির্বাচনের সময় দেশে থাকলে ভোট দেওয়ার সুযোগ থাকছে না।
সংসদীয় আসনের সীমানা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমানা পুনঃনির্ধারণ নিয়ে রিট হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
ইসি সচিব আরও জানান, মাঠপর্যায়ে ২২টি রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ ও যাচাই শেষ হয়েছে। আগামী রোববার অথবা সোমবার কমিশন মিটিংয়ে দল নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এ সময় তিনি আরও জানান, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি প্রতিনিধি দল আলোচনার জন্য নির্বাচন কমিশনে আসবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স