ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৪:৩৭:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৬:০১:৩০ অপরাহ্ন
তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা ​তিস্তা ব্যারাজ। ছবি : সংগৃহীত
আগামী তিন দিনে দেশের বিভিন্ন নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এ সময়ে বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে প্লাবনের সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এ ছাড়া সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বাড়তে পারে এবং সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে।

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানিও এ সময়ে বৃদ্ধি পেতে পারে। মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে সাময়িক প্লাবন দেখা দিতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ