ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৭:৪৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১১:২০:১০ অপরাহ্ন
​জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার ​ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী’ প্যানেল থেকে মো. মাজহারুল ইসলাম। নির্বাচনে ভিপি প্রার্থী জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। জিএস প্রার্থী মাজহার পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ভিপি ও জিএস পদের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

এর আগে বিকেল ৫টা ১৫ মিনিটে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু হয়। আগে হল সংসদের ঘোষণা হয় । শেষ হলে কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের আগের দিন রাতে বাম সংগঠন ও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ভোট গণনার মেশিন সরবরাহ প্রতিষ্ঠানের মালিক জামায়াত নেতা- এমন অভিযোগ তোলেন। নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন মেশিনের পরিবর্তে  হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়। 

ভোটের দিন বিকেল সাড়ে তিনটায় ছাত্রদল নির্বাচন বর্জন করে। পরে সন্ধ্যা সাতটায় বামসমর্থিত আরও চারটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। আটটি প্যানেলের মধ্যে পাঁচটির ৬৮ জন প্রার্থী ভোট বর্জন করলেও বাকি তিন প্যানেলের ১১১ জন প্রার্থী নির্বাচনে নানা অভিযোগের মধ্যেও শেষ পর্যন্ত ভোটে রয়েছেন। 

ছাত্রসংগঠনগুলোর পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়া হয়। সব প্রস্তুতি শেষে রাত ১০টার পর শুরু হয় গণনা। দীর্ঘ প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ