লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, ‘এরা ও এদের দোসররা যে কতবড় ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন। আজকে হয়তো মাহফুজ আলম। আগামীকাল আপনি কিংবা আমি।’
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ১১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ কথা লিখেছেন।
পোস্টে তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগের স্বরূপে ফেরা এবং ভবিষ্যতে এর খেসারতও চরমভাবে দিতে হবে বলে সবাইকে সতর্ক করেছেন। পাশাপাশি তিনি উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের এ হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
রাশেদ খান লেখেন, ‘লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্ত করেছে আওয়ামী লীগ। এরা ও এদের দোসরা যে কতবড় ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন। আজকে হয়তো মাহফুজ আলম। আগামীকাল আপনি কিংবা আমি।’
এরপরই গণঅধিকার পরিষদ নেতা শঙ্কা প্রকাশ করে লেখেন, ‘অবস্থা দেখে যা মনে হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগ স্বরূপে ফিরবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে আওয়ামী লীগকে ফেরার সুযোগ আমি কিংবা আপনি বা আমরা করে দিচ্ছি। ভবিষ্যতে এর খেসারতও আমাদের চরমভাবে দিতে হবে’।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা