ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০২:৪৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০২:৪৩:৩৯ অপরাহ্ন
​ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই: প্রধান উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন নয়, এটি হবে একটি ফাউন্ডেশনাল ইলেকশন-যার মাধ্যমে আগামীর বাংলাদেশের পথরেখা নির্ধারিত হবে। তাই নির্বাচনের আগে মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করা জরুরি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সময় নষ্ট না করে আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টি দেখতে হবে।

দুই ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর মতামত এবং ছয় সদস্যবিশিষ্ট কমিটির সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিশন সদস্যরা জানান, শিগগিরই তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো আলোচনা করতে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) বৈঠক ডেকেছে কমিশন।

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ