ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেস সচিব

​জাতীয় নির্বাচন ভালো হবে, যার প্রতিফলন দেখা গেছে ডাকসুতে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৩:৩৬:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৫:৪২:০৫ অপরাহ্ন
​জাতীয় নির্বাচন ভালো হবে, যার প্রতিফলন দেখা গেছে ডাকসুতে ​ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতা দেন তিনি।

প্রেস সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে। তার একটি প্রতিফলন আমরা ডাকসু নির্বাচনে দেখেছি। সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাত করবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এ সময়সূচি থেকে কেউ সরে আসতে চাইলে তা জাতির জন্য মহাবিপর্যয় বয়ে আনবে।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানান শফিকুল আলম।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছার ওপর নয়, সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরও নির্ভরশীল। “জনগণ যদি বন্যার জলের মতো ভোট দিতে কেন্দ্রে ছুটে আসেন, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না।

প্রেস সচিব ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে বলেন, ডাকসুর মতো উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনও সম্ভব, যদি সবাই নিজ নিজ অবস্থানে সৎ থেকে দায়িত্ব পালন করে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ