ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ছাত্রদলের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০১:৫৮:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০২:৩৪:৩৬ অপরাহ্ন
​জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ছাত্রদলের ​ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর মালিকানাধীন একটি কোম্পানির ব্যালট ব্যবহার করে কারচুপির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে জামায়াতের একটি অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে। এ বিষয়ে জানাজানি হলে শিক্ষকদের চাপের মুখে কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিলেও একই কোম্পানির ব্যালট পেপার দিয়েই ভোটগ্রহণ চলছে।

শেখ সাদি আরও বলেন, ‘আমাদের আশঙ্কা, ছাত্রশিবির ওই কোম্পানি থেকে অতিরিক্ত ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির নীলনকশা করছে। আমরা নির্বাচন কমিশনকে নতুন ব্যালট পেপার ব্যবহারের দাবি জানিয়েছিলাম, কিন্তু কমিশন সেই দাবি উপেক্ষা করেছে।’

তিনি আরও দাবি করেন, ক্যাম্পাসের আশপাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া যাচ্ছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত বোধ করছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দায়িত্ব পালন করছেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) ও সমান সংখ্যক সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা)। ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১,৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার মোতায়েন রয়েছে। এছাড়া ভেতরে ও বাইরে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

​জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ