দেশে আগের মত লোডশেডিং হচ্ছে না: ফাওজুল কবির খান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৯-২০২৫ ০২:২৬:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৯-২০২৫ ০২:২৬:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
‘প্রতিবছর রমজানে লোডশেডিং একটা অনিবার্য বিষয় ছিল। এখন কিন্তু সেই পরিমাণ লোডশেডিং হচ্ছে না। এভাবে আসলে সরকারের সব সেক্টরের পরিবর্তন হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, তার সঙ্গে আমাদের কাজের অনেক মিল আছে। আপনারা নিশ্চিত থাকেন আমরা অনেক পরিবর্তন করেছি।’
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পিএসসি আয়োজিত ‘সরকারী কর্ম কমিশনের প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দেশের মৌলিক পরিবর্তনের জন্য অল্প সময় যথেষ্ট নয়, তারপরও দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সবাই বলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের তো কিছুই পরিবর্তন হলো না। আসলে পরিবর্তনগুলো অনেকে দেখছেন না। এগুলো হলো মৌলিক পরিবর্তন।
সেমিনারে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ১৮ মাস সময় একটা মৌলিক পরিবর্তনের জন্য যথেষ্ট সময় নয়। এটা অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট সময় না। সাংবিধানিক পরিবর্তনের জন্য এ সময় যথেষ্ট না। তার মধ্যেও আমরা কিন্তু চেষ্টা করেছি যতটা পারা যায় দেশকে এগিয়ে নেওয়ার। তিনি বলেন, আমরা বিগত সময় শুনে এসেছি সরকারি কর্ম কমিশনের পরীক্ষা মানে প্রশ্নপত্র ফাঁস হবে। সেটা তো এখন হচ্ছে না। পরীক্ষার খাতা সময়মতো মূল্যায়ন হচ্ছে। এটা শুধু পিএসসির ক্ষেত্রে নয়, সরকারের সব সেক্টরে একই হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, আগে হজ নিয়ে প্রতিবছরই একটা কেলেঙ্কারি হতো। এবার তো হজ নিয়ে এমন কোনো কেলেঙ্কারির কথা শোনা যায়নি। হজে যারা গেছেন তাদের খরচ বাবদ নেওয়া (বাড়তি) টাকা ফেরত দেওয়া হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে হাজিরা যে পরিমাণ টাকা দিয়েছে তা পুরো খরচ হয়নি। তাই এ টাকা ফেরত দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিবছর রমজানে লোডশেডিং একটা অনিবার্য বিষয় ছিল। এখন কিন্তু সেই পরিমাণ লোডশেডিং হচ্ছে না। এভাবে আসলে সরকারের সব সেক্টরের পরিবর্তন হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, তার সঙ্গে আমাদের কাজের অনেক মিল আছে। আপনারা নিশ্চিত থাকেন আমরা অনেক পরিবর্তন করেছি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স