নেপালে আন্দোলনকারী জেন-জিসহ সকল নাগরিক পক্ষকে সংলাপের মাধ্যমে চলমান আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি পাউডেল।
বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ ইতোমধ্যেই গৃহীত হয়েছে। তাই জাতিকে আরও রক্তপাত বা ক্ষতি ছাড়াই সংকট সমাধানের দিকে মনোনিবেশ করতে হবে।
রাষ্ট্রপতি পাউডেল বলেছেন, ‘আমি সকল পক্ষকে শান্ত থাকার, জাতির আরও ক্ষতি রোধ করার এবং আলোচনার টেবিলে আসার আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রে, নাগরিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।’
এর আগে নেপালে তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। প্রধানমন্ত্রীর সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।
কে পি শর্মা অলির পদত্যাগের পর দেশটির সংসদ ভবনে অনুপ্রবেশ করে তাতে আগুন ধরিয়ে দেয় জেন-জি বিক্ষোভকারীরা।
সূত্র : হিমালায়ান টাইমস।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
দুবাইয়ের পথে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী!