শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আট কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বিকেলে জানান, দুপুর তিনটা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। তিনি আরও জানান, চারটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাঁদের ভোট নেওয়া হবে।
বাংলা স্কুপের প্রতিবেদক জানান, বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপরই বেশিরভাগ কেন্দ্রের গেট বন্ধ করতে দেখা যায়। তবে গেটের সামনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা অবস্থান করছেন।
ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে আগে থেকে ক্রস চিহ্ন দেয়া ব্যালট নিয়ে শিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এছাড়া ভোটে অনিয়মের অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল।
এদিকে ভোটের শেষ সময়ে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তাহমিনা আক্তার।
তবে ছোটখাটো অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ডাকসুর ভোটের পরিবেশ ভালো বলে মন্তব্য করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক টিম। ভোট পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার সাংবাদিকদের তারা বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সবাই ভোট দিচ্ছে; এটা খুবই আশাব্যঞ্জক। সবার অংশগ্রহণ এই নির্বাচনকে স্মরণীয় করে রাখবে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নামেন ১ হাজার ৩৫ জন। এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।
এবারের নির্বাচনে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্তত ১০টি প্যানেল।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
কার্জন হলে অনিয়ম, পোলিং অফিসার প্রত্যাহার
শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ
নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ ভিপি প্রার্থীর বিরুদ্ধে
ভোট দিয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম
আমার জনপ্রিয়তা দেখেই প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে: শামীম হোসেন
জয়ের ব্যাপারে আশাবাদী: উমামা ফাতেমা