ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নুরের মেমোরি লস হওয়ার কোনো শঙ্কা নেই : ঢামেক পরিচালক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৩:৩৫:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৩:৩৫:২৬ অপরাহ্ন
নুরের মেমোরি লস হওয়ার কোনো শঙ্কা নেই : ঢামেক পরিচালক ​ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মাথায় যে ধরনের আঘাত তাতে তাঁর মেমোরি লস হওয়ার কোনো শঙ্কা নেই। পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই তাঁকে বাসায় নেওয়া সম্ভব। 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর নিজ কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মো. আসাদুজ্জামান। 

আসাদুজ্জামান জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে সিটি স্ক্যান করানোর জন্য নুরকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, নুরের শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার আশঙ্কা নেই।

নুরের শারীরিক অবস্থা সম্পর্কে পরিচালক বলেন, দুই দিন তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসকদের ছয় সদস্যের মেডিকেল বোর্ড তাঁর অবস্থা পর্যবেক্ষণ করে এবং উন্নতি হওয়ায় তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়।

পরিচালক জানান, নুরের নাকের হাড় ভাঙার কারণে এখনও মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এ ধরনের ইনজুরি পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। তবে চোখে আঘাত থাকলেও সেখানে রক্তক্ষরণ হয়নি।

এ সময় আসাদুজ্জামান বলেন, নুরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশেও নিতে পারবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ