পল্লী বিদ্যুৎ সমিতি
দাবি আদায় না হওয়া পর্যন্ত গণছুটি অব্যাহত রাখার ঘোষণা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৯-২০২৫ ১১:১৪:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-০৯-২০২৫ ১১:১৪:১৭ পূর্বাহ্ন
ফাইল ছবি
পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ) জানিয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দমন-নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও দৃশ্যমান সমাধান আসেনি। এ কারণে চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সমিতির ঘোষিত গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাপবিএ দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।
সংগঠনটি জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে একই বছরের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংস্কারের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হলেও প্রায় এক বছর পার হয়ে গেলেও সেই রিপোর্ট প্রকাশ হয়নি।
এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ দিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। তখন বিদ্যুৎ বিভাগ লিখিত আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বরং সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত, চাকরিচ্যুত, মামলা ও জেল অব্যাহত রয়েছে বলে অভিযোগ সংগঠনের।
বাপবিএ আরও জানায়, বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও ইসলামী আন্দোলনসহ ১৩টি রাজনৈতিক দল আন্দোলনে সংহতি প্রকাশ করলেও সমস্যার স্থায়ী সমাধান আসেনি। উল্টো অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়েছেন, যা ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে সংগঠনটি। সংগঠনটির দাবি, “আমাদের আন্দোলন রাষ্ট্রবিরোধী নয়। যদি এরকম কোনো প্রমাণ থাকে, তা জনসম্মুখে প্রকাশ করা হোক।”
এমতাবস্থায় চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির ঘোষিত গণছুটি কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া গণছুটি সফল করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স