ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সবজি কিনতে পকেট ফাঁকা, ভরা মৌসুমে চড়া ইলিশ , কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

অস্থির নিত্যপণ্যের বাজার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৪:২৮:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৭:১৩:১২ অপরাহ্ন
অস্থির নিত্যপণ্যের বাজার ফোকাস বাংলা নিউজ
বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বর্তমানে আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে হাতেগোনা কয়েকটি সবজির দামই ১০০ টাকার নিচে। সেই সঙ্গে মাছ-মুরগিতেও নেই স্বস্তি। বেগুন, সিম, বরবটি থেকে শুরু করে টমেটো; সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। ভরা মৌসুমেও ইলিশের দামও চড়া। কয়েদিন ধরে বলা হচ্ছিল, বৃষ্টি ও বন্যার কারণে বাড়ছে দাম। কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি নেই। তারপরও কমছে না সবজির দামের উত্তাপ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজার ঘুরে দেখা যায়, এককেজি গোল বেগুনের জন্য এখন গুণতে হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা। আর লম্বা বেগুন কিনতে লাগছে ১০০ টাকা। ক্রেতার অন্যতম বেশি চাহিদার সবজি ঝিঙা। এই সবজির কেজি এখন ৮০ থেকে ১০০ টাকা। রাজধানীর পলাশী বাজারে লাউ, বরবটির দামও আকাশ চুম্বি। ৮০ টাকায় মিলছে একেকটি লাউ। আর বরবটির কেজি ১০০। টমেটোর গায়ে হাত দেয়া কঠিন। কেজিপ্রতি ভারতীয় টমেটোর মূল্য ১৫০ টাকা। উস্তার কেজি ১০০ আর সিম কিনতে লাগছে ১৮০ টাকা। কাঁচামরিচের দাম এখনো অসহণীয়। এককেজির দাম ১৮০ থেকে ২০০ টাকা। ভারত থেকে আসছে পেঁয়াজ। কিন্তু দামে তার কোন প্রভাব নেই। মিশ্রজাতের দেশি পেঁয়াজের কেজি এখনো ৮০ টাকা।

মাছের দামও অস্বস্তিকর। চাষের মাছের দাম কিছুটা কম হলেও দেশি নদীর মাছের গায়ে হাত দেওয়া যাচ্ছে না। চাষের চিংড়ির কেজি ১ হাজার টাকার বেশি। দেশি বোয়াল কিনতেও লাগছে হাজার টাকা। টেংড়া ৬০০ থেকে ৯০০ আর কাজলী মাছের জন্য গুণতে হচ্ছে ১০০০ টাকা। চাষের কই ও পাবদার কেজি ৩০০ থেকে ৪০০ টাকা। পাঙাসও বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণে অন্যান্য মাছের দামে অস্থিরতা দেখা দিয়েছে। অন্যদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭৫ টাকায়। কক মুরগি ৩১০, মোরগ ৩৩০। লেয়ার বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। এছাড়া সোনালি মুরগি কিনতে কেজিপ্রতি খরচ করতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।

ভোক্তা দিয়ে কাজ করা সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘আসলে ভোক্তারা নানাভাবে ঠকছেন। নিয়ন্ত্রণ সংস্থাগুলো তাদের দায়িত্ব পালনের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মূলত সিন্ডিকেট বলতে কিছু নেই। বেপারী ফরিয়াদের খপ্পরে পড়ে কিছু কিছু পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলোকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল।’

ক্রেতারা বলছেন, ব্রয়লার মুরগি ছাড়া অন্য কিছু কেনার সুযোগ কমে যাচ্ছে। তাও আবার ব্রয়লারের দামও বাড়তি। নুরুল ইসলাম নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রয়লার মুরগি তো আগে আরেকটু কম টাকায় পাওয়া যেত, এখন ১৬৫ টাকা কেজি। প্রতিদিনের বাজার খরচ সামলানোই কষ্টকর হয়ে গেছে। দাম কমবে বলে আসি, কিন্তু কোনো পরিবর্তন দেখি না। হাবিবুল বাশার নামের আরেক ক্রেতা বলেন, সবকিছুর দামি বাড়তি, সেখানে মুরগির দাম কম থাকবে সেটা আশা করি না৷ ব্রয়লার ছাড়া অন্য মুরগি কেনা কষ্টকর হয়ে যায়। দেখা যায়, পাকিস্তানি বা সেনালী মুরগি ১টার দামই হয়ে যায় ৩৬০-৩৭০ টাকা৷ আবার আকারেও ১ কেজি হয় না৷ সেই হিসাবে ব্রয়লারে কিছুটা স্বস্তি দিচ্ছে। সেজন্য বাধ্য হয়েই কিনতে হচ্ছে। কারণ গরু বা খাসির মাংস তো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, দাম কম-বেশির ব্যাপারে পাইকার বা আড়তদাররা বলতে পারবেন৷ এক্ষেত্রে খুচরা দোকানিদের কোনো হাত নেই।

বাজারের মুরগি ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, আমাদের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। পাইকারি বাজার থেকেই বেশি দামে আনতে হচ্ছে। খামারে খাবার ও উৎপাদন খরচ বেড়ে গেছে। সেই কারণে খুচরা বাজারে দাম কমানো সম্ভব হচ্ছে না।অন্যদিকে মাছের বাজারে আকারভেদে ইলিশ ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে পর্যন্ত বিক্রি হচ্ছে। একই বাজারের মাছ বিক্রেতা জামাল হোসেন বলেন, এই মৌসুমে জোগান ঠিক আছে, কিন্তু দাম এত বেশি যে অনেকেই ফিরে যাচ্ছেন। যারা কিনছেন, তারা ছোট ইলিশেই সীমিত থাকছেন। 

এদিকে ভরা মৌসুমেও ইলিশের দাম না কমায় হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা৷ তাদের দাবি, সাধারণত এই মৌসুমে বাজারে ইলিশের জোগান বাড়ে এবং দাম কিছুটা কমে আসে। কিন্তু এবার সেই চিত্র দেখা যাচ্ছে না। সবচেয়ে ছোট মাছও কেজিপ্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা দাম থাকায় অনেক ক্রেতাই অসহায় বোধ করছেন। তারা বলছেন, ভরা মৌসুমেও যদি ইলিশ নাগালের বাইরে থাকে তবে স্বল্প আয়ের মানুষের পক্ষে এ মাছ কেনা কষ্টকর হয়ে দাঁড়াবে। তবে বিক্রেতারা অবশ্য বলছেন, নদীতে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না, সরবরাহ কম থাকায় দামও কমানো যাচ্ছে না।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ