ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা

​তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করা হবে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৭:২১:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ১০:৪৪:৪০ পূর্বাহ্ন
​তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করা হবে ​ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফেরানোর কোনো প্রক্রিয়া সরকার হাতে নেবে কিনা, জানতে চান এক সাংবাদিক। জবাবে উপদেষ্টা বলেন, দেখুন, উনি কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যেকোনো সময়ে। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো ঝামেলা থাকে, সেটার সমাধান আমরা করব। কিন্তু (দেশের ফেরার) সিদ্ধান্ত তার নিতে হবে।

তারেক রহমানকে ফেরাতে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা, এমন পাল্টা প্রশ্নে উপদেষ্টার ভাষ্য, সেটা তো আমাদের করার প্রয়োজন নেই। তার মানে দাঁড়াবে যে আপনি আসেন না কেন। সেটা তো আমরা বলব না। উনি যখন আসতে চাইবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা দেওয়ার সেটা অবশ্যই করব।

তারেক রহমান লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা— জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, উনি মিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা আমি জানি না। যদি করেও থাকেন তা আমার অগোচরে আসে নাই। উনি আসতে চাইবেন যখন, তখন তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার প্রয়োজন হবে, সেটা দিতে পারব।

এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ এ রায় দেওয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ