ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটি আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, ‘আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এক নম্বর আইটেম হিসেবে থাকবে।’
এর ফলে ডাকসু নির্বাচন নিয়ে চলমান আইনি জটিলতা নতুন মোড় নিল। ডাকসু নির্বাচন স্থগিত থাকবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে নির্ভর করছে।
আইনজীবীরা বলছেন, আদালতের এই আদেশে নির্বাচনি প্রক্রিয়ার অনিশ্চয়তা খানিকটা বাড়লেও চূড়ান্ত সমাধানের পথও খুলে গেল। আগামীকাল শুনানির মাধ্যমে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকবে, নাকি বাতিল হবে, সেটিই হবে মূল প্রশ্ন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই