ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বন্যায় ১ হাজার ২৯৮ হেক্টর জমির ফসল নষ্ট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:২৬:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:২৬:০৮ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় বন্যায় ১ হাজার ২৯৮ হেক্টর জমির ফসল নষ্ট সংবাদচিত্র: সংগৃহীত
কুষ্টিয়ায় বন্যায় প্রায় ১ হাজার ২৯৮ হেক্টর জমির উঠতি ফসলসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। ফসলের এই ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কুষ্টিয়ায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হওয়ায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আবাদি জমি পানিতে তলিয়ে যাওয়ায় উঠতি ফসল ধান, পাট, সবজি, ভুট্টা, কলা ও মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে।

চিলমারী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গত দুই সপ্তাহ আগে আকষ্মিক বন্যায় তাদের আবাদি ফসল ধান, পাট, ভুট্টা, কলা, সবজি ও মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ধান ডুবে যাওয়ায় তারা শঙ্কার মধ্যে পড়েছেন। চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান জানান, এ মৌসুমে আবাদের ধান দিয়ে বছরের অধিকাংশ সময় খাদ্য চাহিদা মিটিয়ে থাকে চরবাসী। সেই ধানই ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা।

বন্যায় কৃষকের ফসলের ক্ষতির বিষয়ে দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, এবারের বন্যায় চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের চরাঞ্চলের ১ হাজার ২৯৮ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনাসহ সবধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনাসহ সার্বিক সহায়তার আশ্বাসের কথা জানিয়েছেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. আব্দুল করিমও। তিনি বলেন, “ফসলের ক্ষতিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতি নিরূপণ করে তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা হবে।”

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ