ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৪:২৫:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৪:২৫:৫৮ অপরাহ্ন
​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। রোববার (৩১ আগস্ট) বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলার অধীন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ ছাড়া ২ নম্বর গেট এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রারসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে স্থানীয় লোকজন কথা শুনতে চাননি। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে প্রশাসনের সবাই ঘটনাস্থল থেকে চলে আসার সময় স্থানীয় লোকজন লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালান।

হামলায় প্রো-ভিসি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী। এ ছাড়া রক্তাক্ত অবস্থায় অনেক শিক্ষার্থীকে উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

চবি ক্যাম্পাস থমথমে, রোববারের সব পরীক্ষা স্থগিত


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ