নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৮-২০২৫ ০৫:২৫:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৫ ০৭:১৬:৩৫ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকের সভায় বেশ কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় বিচারবিভাগীয় তদন্তের নেতৃত্বে হাইকোর্টের একজন বিচারপতি থাকার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, কাল রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।
দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আগামীকাল বৈঠকে আলোচনা হবে বলে উল্লেখ করেছেন শফিকুল আলম। তিনি বলেন, কাল বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। আলাদা আলাদাভাবে তিনটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এ সময় সাংবাদিকেরা বর্তমান পরিস্থিতিতে নির্বাচন বিষয়ে সরকারের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে। যথাসময়ে নির্বাচন হবে। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। কোনো শক্তিই নির্বাচনকে থামাতে পারবে না।
এ সময় নুরুল হককে লাঠিপেটার ভিডিওচিত্রে দেখা যাওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তির বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুল আলম বলেন, ‘এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি, উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। উনি ডিউটিতেই ছিলেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স