ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ​রোববার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৪:৪৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৩০:৩০ অপরাহ্ন
বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ​রোববার ​ফাইল ছবি
বর্তমান পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আগামীকাল রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে—এই সিদ্ধান্ত অনড় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না।নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কোনো ধরনের কন্সপিরেসি এটাকে থামাতে পারবে না।

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। আপনারা আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশ সদরদপ্তর থেকে পরিসংখ্যান নিয়ে দেখেন গত বছরের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে, আদৌ হয়েছে কি না। আমরা পুলিশকে বলেছি নিয়মিত আপডেট দিতে।

এদিকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আগেই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এ রোডম্যাপ ঘোষণ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলি প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করে ইসি। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ