ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত ২৫
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৮-২০২৫ ০১:০৩:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৫ ০২:১৫:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে ওই বাসের পাঁচজন আহত হন। এরপরই পেছনে আসা তিনটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে প্রথম বাসটিকে ধাক্কা দেয়। ধারাবাহিক এ সংঘর্ষে আরও ২০ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে সংঘর্ষের মাত্রা এতই ভয়াবহ ছিল যে, চারটি বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর যাত্রীদের কান্না, চিৎকার আর আতঙ্কে পুরো এলাকা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়।
এদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স