ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১২:০৫:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১২:০৫:৩২ অপরাহ্ন
​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারের এক বৈঠকে এই কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের ১৮ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। ভোট হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি। পরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণা করা হলে তফসিলের পর থেকে নির্বাচন আয়োজনের জন্য ৫৭ দিনের মতো সময় পাবে ইসি। প্রবাসী ভোটারদের সুবিধার্তে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন আয়োজনের মধ্যবর্তী সময় ১০ দিন বেশি রাখা হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তির শুনানি শেষ হয়েছে বুধবার (২৭ আগস্ট)। ইসি জানিয়েছে, চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট এক হাজার ৮৯৩টি দাবি-আপত্তির শুনানি হয়েছে। এর মধ্যে এক হাজার ১৮৫টি আবেদন প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে জমা পড়ে।

আখতার আহমেদ আরও বলেন, নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমানে টাইপিং চলছে। আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা প্রকাশ করা হবে। একটু অপেক্ষা করতে হবে।

রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ এবং প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে।

পাবনা ও সিরাজগঞ্জ জেলার আসনবিন্যাস নিয়েও দাবি উঠেছে। পাবনার পক্ষ থেকে সাঁথিয়া এবং বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে আগের আসনবিন্যাস পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ