ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইসির শুনানি

মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে চার আসন পুনর্বহাল চান প্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৫:১০:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৬:৩৮:১৮ অপরাহ্ন
মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে চার আসন পুনর্বহাল চান প্রতিনিধিরা ​ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার চারটি আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন দুইটি জেলার প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে তারা এ দাবি জানান। 

সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি করা হয়। এতে করে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমেছে। চারটি আসন থাকায় মানিকগঞ্জে যে বরাদ্দ ছিল তা কমে গেছে। আমরা চারটি আসনের যৌক্তিকতা তুলে ধরেছি।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি এখানে এসেছি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালের মতো মানিকগঞ্জে চারটি আসনের দাবি মানিকগঞ্জের সকল স্তরের মানুষের দাবি।

অপরিদকে মুন্সিগঞ্জের নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়ক রনি মল্লিক বলেন, মুন্সিগঞ্জের এখন তিনটি আসন রয়েছে। এ আসন সংখ্যা বাড়িয়ে ২০০১ সালের মতো চারটি আসন করার জন্য আমরা দাবি জানিয়েছি। সেইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়গুলো তুলে ধরেছি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ