ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডাকসু নির্বাচন: আজ থেকে প্রার্থীদের প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:২১:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০২:৩৬:৩৭ অপরাহ্ন
​ডাকসু নির্বাচন: আজ থেকে প্রার্থীদের প্রচারণা শুরু ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে আগে থেকেই প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হলেও অফিসিয়ালি শুরু হচ্ছে আজ (মঙ্গলবার)।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনও প্রার্থী নিজের সাদাকালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবে না। পাশাপাশি নির্দিষ্ট সময়ে হলগুলোয় প্রচার চালানো যাবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনও প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছ-পালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনও দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতিসাধন করা যাবে না। 

আরও বলা হয়েছে, কোনও প্রার্থী বা তার পক্ষে কোনও ছাত্র সংগঠন, কোনও ব্যক্তি বা গোষ্ঠী কোনও কালি বা চুন বা কেমিক্যাল দিয়ে দেয়াল বা যানবাহনে কোনও লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। 

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ছাত্রী হলগুলোয় স্ব হলের অনাবাসিক এবং অন্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক ছাত্রী যারা প্রার্থী, তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রী হলে প্রচারণা চালানো যাবে। আর ছাত্র হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ রাখা হয়েছে।

প্রচারকাজ চালানোর নির্ধারিত দিনগুলোয় সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। 

এ ছাড়া প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মাজলিস-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালানোর যাবে না। এগুলো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে ‘নির্বাচন আচরণ বিধিমালা’ ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য হবে।

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় সিনেট হলে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে আচরণবিধি নিয়ে আলোচনা করা হবে বলেও জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, আজ থেকে প্রার্থীরা নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। ভোট দেওয়ার সময় হলে কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ প্রদর্শন করে ভোট দেওয়া যাবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ