পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের অবস্থান পরিষ্কার। আমরা চাই হিসেব-নিকাশের মাধ্যমে টাকা-পয়সার ইস্যুর সমাধান হোক। আমরা চাই, পাকিস্তানের মাধ্যমে যে গণহত্যা হয়েছে সেটার জন্য তারা দুঃখপ্রকাশ করুক, মাফ চাক।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দু’দেশের বৈঠক নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, ৫৪ বছরের সমস্যা নিশ্চয়ই একদিনের বৈঠকে সমাধান হবে না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। এর মধ্যে আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। যার মধ্যে একটি বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তবে দুই পক্ষই একমত হয়েছে যে, অমীমাংসিত বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে।
তিনি বলেন, গত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। তবে আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই, যেমনটা আমরা অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে চাই।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে দু’দেশই গুরুত্বারোপ করেছে, যেটি সরাসরি বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচআর/এসকে
একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে : ইসহাক