ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধের ঘোষণা থালাপতি বিজয়ের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৮:১২:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৮:১২:৫৯ অপরাহ্ন
বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধের ঘোষণা থালাপতি বিজয়ের ​ছবি: সংগৃহীত
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এবার সরাসরি রাজনীতির ময়দানে বিজেপির বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন।

মাদুরাইয়ে তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, এ লড়াই আর কেবল রাজনীতির নয়, এটি আদর্শের যুদ্ধ। খবর এনডিটিভি'র।

বৃহস্পতিবারের (২১ আগস্ট) এই সম্মেলন ছিল আগামী ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজয়ের দলের অন্যতম বড় শোডাউন।

বিজয়ের অভিযোগ, বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। তাই এই মুহূর্তে বিজেপিই তার সবচেয়ে বড় আদর্শগত শত্রু। একই সঙ্গে তিনি ডিএমকেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করলেও স্পষ্ট করেছেন, ডিএমকের সঙ্গে সংঘাত কেবল রাজনীতিতে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে লড়াই একেবারে আদর্শিক স্তরে।

তার দলের মূলনীতি-সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার, যা বিজেপির ধারণার বিপরীত।

২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিজয়ের দল দ্রুত তামিল রাজনীতিতে জায়গা করে নিয়েছে। কোটি কোটি তরুণের সমর্থনে মাদুরাইয়ের সভায় তার প্রতিটি বাক্য মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে বিজয় বলেন, আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি—তামিলরা বিজেপির সঙ্গে কখনোই থাকবে না। পদ্মপাতার ওপর যেমন জল স্থায়ী হয় না, তেমনি বিজেপির সঙ্গেও তামিলদের সম্পর্ক হবে না।

তিনি আরও বলেন, সিংহ সব সময় সিংহই থাকে। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি তোলে। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সব সময় সিংহই।

এনডিটিভি, পিটিআই, এএনআই, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ শীর্ষ গণমাধ্যমগুলো তার বক্তব্যকে বড় খবর হিসেবে প্রকাশ করেছে। হিন্দুস্তান টাইমস বলেছে, বিজয়ের মন্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলতে বাধ্য। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, একজন তারকা-রাজনীতিকের মুখে ‘ফ্যাসিবাদী বিজেপি’ শব্দ শুধু শিরোনামই নয়, বিতর্ককেও উসকে দেবে।

সভায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে বিজয় ঘোষণা করেন— ‘আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।’

রাজনৈতিক মহল মনে করছে, তার এই দৃঢ় ঘোষণা আসন্ন সময়ে ভারতীয় রাজনীতিতে নতুন এক লড়াইয়ের সূচনা করবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ