ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নোয়াখালীতে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:১৮:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:১৮:২০ অপরাহ্ন
​নোয়াখালীতে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ ​ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে হওয়া হামলায় জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় যুবদলের এক কর্মী তাদের গুলি করেছেন।

রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে তারা গুলিবিদ্ধ হন। সোমবার (১৮ অগস্ট) বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন- মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। তারা গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য এবং একই এলাকার বাসিন্দা।  

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. জাকির হােসেন অভিযোগ করে বলেন, “গত শুক্রবার ১৫ আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সঙ্গে বিএনপি কর্মী মানিকের বাকবিতণ্ড হয়। এরপর একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেয় একদল ব্যক্তি। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল। গত শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াত কর্মীদের ধরতে তল্লাশি চালায় তারা।”

তিনি আরো বলেন, “রবিবার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজনের মধ্যস্থতায় বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ ও মানিক জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিব তাদের ওপর গুলি ছোঁড়েন। এতে জামায়াতের যুব বিভাগের কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন।”

এ ব্যাপারে জানতে চেয়ে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও ফোনগুলো বন্ধ পাওয়া যায়। জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমনের বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাব।”

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, “স্কুল ভবনের ছাদের ওপরে উঠে, ভালোভাবে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে একটু ঝগড়া হয়। স্থানীয় মুরুব্বিরা সন্ধ্যার দিকে বৈঠক বসে মিটমাট করে দেন, যাতে আর কোনো সমস্যা না হয়। বৈঠক শেষে দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। যারা গুলিদ্ধি হয়েছেন জামায়াত দাবি করছে, তারা তাদের লোক।” 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ