ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​‘কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:৫৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:৫৮:২৬ অপরাহ্ন
​‘কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না’ ​ছবি: সংগৃহীত
সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে। কর্মকর্তাদের কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। তা ছাড়া কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। মূলত তারাই রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে টিকিয়ে রেখেছেন। আর এ প্রবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শ্রমিক শ্রেণির।

তিনি বলেন, পাসপোর্ট ও অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের তাদের সঙ্গে সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। একইসঙ্গে দূতাবাস বা মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, যাতে একটি সুন্দর কর্মপরিবেশ বিরাজ করে।

এ ছাড়া পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের দেশের মান ও সম্মান ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ