রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর : নিরাপত্তা উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৮-২০২৫ ০৪:৪৮:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৫ ০৭:০৬:০১ অপরাহ্ন
রোহিঙ্গা ঢলের আট বছর পূর্ণ হবে ২৫ আগস্ট। ফাইল ছবি
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের পর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান রোববার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফিংয়ে এ কথা জানান।
কক্সবাজারে ২৫ আগস্ট ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক সম্মেলনটি জাতিসংঘের বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশ বলে উল্লেখ করেন নিরাপত্তা উপদেষ্টা। তিনি জানান, এ সম্মেলন রোহিঙ্গা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা ইস্যু একসময় আন্তর্জাতিক আলোচনা থেকে প্রায় বাদ পড়ছিল। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান। জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে সর্বসম্মতিতে সম্মেলনের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে ১০৬টি দেশ এ সম্মেলনকে স্পন্সর করেছে।
সম্মেলনে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক দূত, বিদেশে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কক্সবাজারের শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং বিশ্বের কয়েকটি দেশে অবস্থানরত রোহিঙ্গা প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেবেন।
উপদেষ্টা জানান, ২৪ থেকে ২৬ আগস্ট তিন দিনব্যাপী এই আয়োজনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শরণার্থীশিবির প্রদর্শনী থাকবে। ২৪ ও ২৫ আগস্ট পাঁচটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এই কর্ম অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো—রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে আশার সঞ্চার, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জবাবদিহি নিশ্চিতকরণ এবং রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান।
তিনি বলেন, এই সম্মেলন হলো রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এসব আমরা সেখানে নিয়ে যেতে চাই।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, সবচেয়ে বড় কথা হলো আমরা এই সমস্যার আশু ও স্থায়ী সমাধান চাই। আপনি আন্তর্জাতিক সাহায্য দিয়ে কতদিন রাখবেন, তাদের তো বাড়িঘরে ফিরতে হবে। সেটাই আসল কথা।
রোহিঙ্গা ঢলের আট বছর পূর্তির দিন ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠেয় ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল শুরু হয়। দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও বৈশ্বিক মনোযোগ কমেছে, বিশেষ করে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর। এই সময়ে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে গেছে। বর্তমানে বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখের বেশি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স