এনসিপির কেন্দ্রীয় ৫ নেতার শোকজ প্রত্যাহার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৮-২০২৫ ১২:৫৬:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৫ ১২:৫৭:৪৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার সফরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দলটির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট দলের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক পাঁচটি শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। এর জবাবে ওই পাঁচ নেতা দলের দফতরে তাদের ব্যাখ্যা জমা দেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, শোকজের জবাব বিশ্লেষণ করে দেখা যায় তাদের কার্যক্রমে দলীয় শৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটেনি। তাই আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট এনসিপির এই পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের গোপন বৈঠকের গুঞ্জনও ছড়ানো হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স