ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা ফারুকী আপাতত আশংকামুক্ত, জানালেন তিশা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১২:০১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:৩১:১৪ অপরাহ্ন
উপদেষ্টা ফারুকী আপাতত আশংকামুক্ত, জানালেন তিশা ​ফাইল ছবি
কক্সবাজার সফরের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

শনিবার (১৬ আগস্ট) রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশা জানান, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে বলেন, ফুড পয়জনিংয়ের কারণে উপদেষ্টা ফারুকীর ডিহাইড্রেশন হয়েছিল। কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার কিছু পরে শহরের পাঁচ তারকা হোটেল ওশন প্যারাডাইস থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় ফিরে গেছেন।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) ৫ দিনের সরকারি সফরে কক্সবাজারে যান উপদেষ্টা ফারুকী। সফরে তার সঙ্গে একান্ত সচিব ছাড়াও ব্যক্তিগত কর্মকর্তারা ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে উপদেষ্টাকে হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে বর্তমানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষায় ভালো রিপোর্ট এসেছে। এ সময় উপদেষ্টার কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্যর ডিজি।

উল্লেখ্য, ২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। তাদের এক সন্তান রয়েছে, যার নাম ইলহাম নুসরাত ফারুকী।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ