ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাইপলাইনে সরবরাহ শুরু

জ্বালানি পরিবহন খাতের নতুন যুগে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৪:৪৫:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৬:৩০:০৯ অপরাহ্ন
জ্বালানি পরিবহন খাতের নতুন যুগে বাংলাদেশ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েলের ডেসপাস টার্মিনাল এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উদ্বোধন শেষে তিনি প্রকল্প এলাকা এবং নিয়ন্ত্রণ কক্ষ ঘুরে দেখেন। এটি উদ্বোধনের মধ্যে দিয়ে জ্বালানি পরিবহন খাতে নতুন যুগের সূচনা হলো।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগে ঢাকায় জ্বালানি পরিবহনে প্রায় ৪৮ ঘণ্টা লাগতো, সেখানে পাইপলাইনে এখন সেটা ১২ ঘণ্টা লাগবে। এতে উল্লেখযোগ্য পরিমাণ খরচ সাশ্রয় হবে। বাঁচবে সময়ও।

পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমানোর উপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে প্রকল্পের ব্যয় বেশি। বিশেষ করে সড়ক নির্মাণে আমাদের খরচ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বও একটি বড় সমস্যা। বিলম্ব হলে ব্যয় আরও বৃদ্ধি পায়। তাই ভবিষ্যতে আরও ব্যয় সাশ্রয়ী হওয়া প্রয়োজন। তিনি বলেন, সমস্যা শুধু খরচের মাত্রা নয়, বরং প্রকল্পগুলো সময়মতো শেষও হয় না। কিছু প্রকল্প ১৭-১৮ বছর ধরে চলতে থাকে। এসব প্রকল্প আমরা আর বহন করতে পারব না।

ফাওজুল কবির খান আরও বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ খুব সীমিত। আগে কিছু প্রাকৃতিক গ্যাস ছিল, সেটাও ধীরে ধীরে ফুরিয়ে আসছে। দুর্নীতি ও অপচয়ের কারণে সীমিত সম্পদের সঠিক ব্যবহারও সম্ভব হচ্ছে না। প্রকল্পগুলো সময়মতো শেষ হয় না এবং ব্যয়ও বৃদ্ধি পায়। এসব অবস্থা বন্ধ করতে হবে।

বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। 

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বছরে ৫০ লাখ টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতাসহ নিরাপত্তা নিশ্চিত, সিস্টেম লস কমানো, নৌপথে তেল পরিবহনের বিপুল খরচ সাশ্রয়, পরিবেশ সুরক্ষা, ঝুঁকিমুক্তভাবে দ্রুত সময়ে তেল পরিবহনের লক্ষ্যে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৫০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়। তিন হাজার ৬৫৩ কোটি টাকায় বাস্তবায়ন করা হয় প্রকল্প। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০১৮ সালের অক্টোবরে প্রায় ২ হাজার ৮৬১ কোটি টাকায় প্রকল্পটি অনুমোদন দেয়। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ধরা হয়েছিল। কিন্তু কাজ শুরু করতে ২০২০ সাল লেগে যায়। পরে ২০২২ সালের ডিসেম্বর এবং তৃতীয় দফায় ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। চলতি বছরের মার্চে কাজ শেষ হয়। এতে খরচ বেড়ে হয়েছে তিন হাজার ৬৫৩ কোটি টাকা।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এইচএইচ/এসকে

পাইপলাইনে গ্যাস পরিবহন শুরু শনিবার


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ