'যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়'
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৮-২০২৫ ০৩:৪২:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৮-২০২৫ ০৫:০৯:১৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে-বিনিয়ে বলছে, যাতে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক, সেটা চায়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।
শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। যারা এর বিপক্ষে বক্তব্য দেবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচন বিষয়েও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারি, সেইভাবে ঐক্যবদ্ধ থাকি। আলাপ-আলোচনা করি ও গণতান্ত্রিক উত্তরণকে সহজ করি।
যে দেশে একজন খালেদা জিয়া আছেন, সেই দেশ কখনো পথ হারাবে না বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, খালেদা জিয়া জীবনের চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও দেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে বেঁচে আছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির, মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স