বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৮-২০২৫ ০৩:০৭:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৮-২০২৫ ০৬:১৯:০৯ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
কুড়িগ্রামে বৃষ্টির পানি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা, দুধকুমার, ধরলা, বহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে চরাঞ্চলের কৃষি জমি। এর মধ্যে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় বন্যা মোকাবিলায় বন্যা প্রবণ ৬ উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় দুধকুমার নদীর অববাহিকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, যে হারে দুধকুমার নদীর পানি বাড়ছে তাতে দুই এক দিনের মধ্যে সমস্ত চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। চরাঞ্চলে মানুষদের জন্য এ সময়টি চরম দুশ্চিন্তার। বন্যার পাশাপাশি নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছি আমরা।
নাগেশ্বরী উপজেলার চর বিষ্ণুপুর এলাকার বাসিন্দারা জানান, পুরো চরে পানি ঢুকেছে। চরের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। রোপা আমন ধানের ক্ষেত পানিতে ডুবে গেছে। বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকতে বলা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স