চার মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৮-২০২৫ ০৮:০৮:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৫ ০৮:০৮:১০ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দেশের চালের দাম বৃদ্ধি পাওয়ায় প্রায় চার মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স মিঠুন কুমার শাহ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ট্রাকে ১২৫.৯৪৪ মেঃ টন চাল আমদানি করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ভারত থেকে চালবোঝাই তিনটি ট্রাকে এসব চাল আমদানি করা হয়েছে।
হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মেসার্স জয়নাল আবেদীনের প্রতিনিধি আজমল হোসেন রোজ বলেন, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি হওয়ায় সরকার ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিভিন্ন আমদানিকারকদের মাধ্যমে ২৫ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর আমদানিকারক মিঠুন কুমার সাহার ভারতীয় তিনটি ট্রাকে ১২৫.৯৪৪ টন চাল হিলি বন্দরে প্রবেশ করেছে। তবে চালের শুল্ক মূল্য কাস্টমস সার্ভারে এখনো দেখা যাচ্ছে না। আমার ধারণা পূর্বের ন্যায় ২% হারে হবে হয়তো।
চাল আমদানির বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, প্রায় ৪ মাস বন্ধের পর চাল আমদানি শুরু হয়েছে। এই আমদানির শুরুর মধ্য দিয়ে বন্দরে ফিরবে শ্রমিকদের কর্মচাঞ্চল্য। সেই সাথে বাজারে চালের দাম কমে আসবে বলে আমি মনে করি।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হয়ে বন্ধ হয়ে যায় ২০২৫ সালের ১৫ এপ্রিল।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স