শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই খান পান্নার আবেদন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১২-০৮-২০২৫ ০১:২৮:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৫ ০৩:১৩:৩৬ অপরাহ্ন
ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না।
মঙ্গলবার (১২ আগস্ট) তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনাল-১-এ আবেদনটি করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এসে তার এমন আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
ট্রাইব্যুনাল বলেছেন, ‘ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।’
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের এই মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। গত ৩ আগস্ট থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এ মামলার বিচার শুরুর আগে গত ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তিনি এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। এ কারণে ট্রাইব্যুনাল জেড আই পান্নার আবেদন আমলে নেননি।
এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স