মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, যা বলল এনসিপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৮-২০২৫ ০৭:৫৭:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৫ ০৮:২৮:৩৩ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
সোমবার (১১ আগস্ট) বিকেলে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে প্রতিনিধিদলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। আর ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে ছিলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, জুলাই পদযাত্রাসহ দলীয় কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। উভয় পক্ষ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
জানা গেছে, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়বস্তু। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়।
বৈঠকের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার, আমাদের রাজনৈতিক ইশতেহার এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপি এবং জামায়াতের সঙ্গে এরই মধ্যে তারা বৈঠক করেছেন। সব পক্ষ থেকেই বিষয়গুলো তারা শুনছেন। আমরা আমাদের জায়গা থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরেছি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স