ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এনসিপি নেতার বাড়িতে ‘প্রস্তুত হ রাজাকার’ লেখা চিরকুট দিয়ে হুমকি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৬:০৮:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৬:০৮:৫৮ অপরাহ্ন
​এনসিপি নেতার বাড়িতে ‘প্রস্তুত হ রাজাকার’ লেখা চিরকুট দিয়ে হুমকি ​ছবি: সংগৃহীত
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে তারা কাফনের কাপড় ও চিরকুট ফেলে হুমকি দিয়ে যায়। 

চিরকুটে লেখা রয়েছে, ‘প্রস্তুত হ রাজাকার। বাপ মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ 

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। হুমকিপ্রাপ্ত এনসিপি নেতা খালিদ হাসান মিলু মোহনপুরের ধুরইল গ্রামের বাসিন্দা।

তাঁর অভিযোগ, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়।

তিনি জানান, রাত সাড়ে ১১টায় তিনি বাসায় ফিরেন। কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায়, ‘বাইরে বের হয়ে দেখ।’ তিনি বারান্দায় গিয়ে দেখেন, টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রলের গন্ধ।

মিলু আরও বলেন, তিনি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন। ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসেন। পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেটি খোলা হয়। ভেতরে সাদা কাপড় (কাফনের কাপড়) ও একটি চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল, তা নিভিয়ে ফেলা হয়। এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা এ ঘটনায় জড়িত, তা অনুমান করা কঠিন নয়।

এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ বিষয়ে থানায় জিডি করব।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ