ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৫ আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা : প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৫:৪৯:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:২৯:০৯ অপরাহ্ন
১৫ আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা : প্রেস সচিব ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক। তবে এ দিনটি আগস্টের অন্য ৩১ দিনের মতোই। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালাতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সেটি দেখবে।

ব্রিফিংয়ে কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার প্রশ্নে প্রেস সচিব বলেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কাজে নজরদারি চলছে। তারা যদি দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি, নজর রাখা হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কলকাতা লাগোয়া উপ-নগরীতে বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলার সংবাদ প্রচার হয়। এ পার্টি অফিসে ২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলেও সংবাদে প্রচার করা হয়।

এদিকে আসন্ন নির্বাচন ইস্যুতে শফিকুল আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বডি ক্যাম কেনা হচ্ছে।

এর আগে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৩ দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়েও মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে। পাশাপাশি শ্রমবাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষিসহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোরদারের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ