খসড়া তালিকা প্রকাশ
নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ : ইসি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৮-২০২৫ ০১:২০:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৮-২০২৫ ০৩:০৩:০০ অপরাহ্ন
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হয়েছে, আর মৃত ও অযোগ্য হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটার বাদ দেওয়া হয়েছে।
রোববার (১০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তালিকা প্রকাশ করেন।
আখতার আহমেদ বলেন, খসড়া তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত দাবিদাওয়ার সুযোগ থাকবে। অভিযোগ ও ত্রুটি-বিচ্যুতি সংশোধনের পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সচিব আরও জানান, গত ২ মার্চ ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার ছিল। বাড়ি বাড়ি গিয়ে চলা হালনাগাদ কার্যক্রমে ৪৫ লাখের বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে মৃত ও অযোগ্য ভোটার হিসেবে ২১ লাখের বেশি ভোটার বাদ পড়েছে।
অপরদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন। নতুন আইনে নবীন ভোটারদের এক বছর অপেক্ষার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে।
সারাদেশে খসড়া তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট কর্মকর্তা তা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দিয়েছেন। কারো তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন নিষ্পত্তি শেষে ২৪ আগস্টের মধ্যে সংশোধিত তালিকা চূড়ান্ত করা হবে।
এর আগে, ইসি এ বছর মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে, ২ মার্চ, ৩১ আগস্ট ও ৩১ অক্টোবর।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স