আ.লীগের মতো করলে ১৫ দিনও টিকবে না বিএনপি: মেজর হাফিজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৮-২০২৫ ০৬:২৪:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৮-২০২৫ ০৬:২৪:৩৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যদি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগের মতো শাসন চালায়, তাহলে তারা ১৫ দিনও টিকবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (০৯ আগস্ট) খুলনায় ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ অভিযোগ করেন, আগামী নির্বাচন পেছানোর জন্য একটি রাজনৈতিক দল বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো প্রকৃত নির্বাচন চান না। তারা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চায়, যা সাধারণ মানুষ বোঝে না।
বিএনপি নেতা বলেন, আমরা চাই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হোক, যেখানে জনগণ সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে। ক্ষমতায় যেতে না পারার ভয়ে কিছু দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি। মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার এক বছরের মেয়াদে দেশের জন্য কোনো কাজ করতে পারেনি।
মেজর হাফিজ আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র তৈরি করেছে। এতে মুক্তিযোদ্ধারা সামাজিক অন্ধকারে আটকে পড়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তারা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের আশা প্রকাশ করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স