ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইলিশে মুখর চাঁদপুর মৎস্য আড়ত

​ইলিশে মুখর চাঁদপুর মৎস্য আড়ত

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ১১:৩৮:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ১২:৩২:৩২ অপরাহ্ন
​ইলিশে মুখর চাঁদপুর মৎস্য আড়ত সংবাদচিত্র: সংগৃহীত
চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এখন ইলিশে মুখর। ভোর থেকে ঘাটে ভিড় জমেছে ট্রলার, জেলে, শ্রমিক ও ক্রেতাদের। রূপালি ইলিশ ট্রলার থেকে নামিয়ে আড়তের সামনে স্তূপ করে রাখা হচ্ছে, আর সেখান থেকেই বিক্রি হচ্ছে পাইকারি ও খুচরা ক্রেতাদের কাছে। 

শুক্রবার (৮ আগস্ট) একদিনেই ঘাটে উঠেছে প্রায় ৮০০ মণ ইলিশ, যা গত সপ্তাহের তুলনায় অনেক বেশি। সরবরাহ বাড়ায় কেজিপ্রতি দাম কমেছে প্রায় ২০০ টাকা। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকায় (গত সপ্তাহে ২ হাজার ৫০০ টাকা)। ৭০০-৮০০ গ্রামের ইলিশ মিলছে ২ হাজার টাকায় এবং ৫০০-৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। তবে ঘাটে আসা অধিকাংশ ইলিশ এসেছে দক্ষিণাঞ্চলের- হাতিয়া, সন্দীপসহ বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে। স্থানীয় জেলেদের জালে ধরা ইলিশ বাজারে তেমন দেখা যাচ্ছে না, ফলে দাম পুরোপুরি কমছে না।

গাজীপুর থেকে আসা ক্রেতা ফরিদুল হাসান বলেন, প্রথমবারের মতো চাঁদপুর মাছঘাটে এসেছি ইলিশ কিনতে। ভেবেছিলাম ঢাকার তুলনায় এখানে দাম কম হবে, কিন্তু আড়ত ঘুরে দেখলাম দাম প্রায় একই। অনলাইনে ইলিশ বিক্রেতা জোবায়ের হাসান ক্রেতাদের সতর্ক করে বলেন, অনলাইনে ইলিশ কিনে অনেকেই প্রতারিত হন। তাই সরাসরি ঘাটে এসে বা বিশ্বস্ত উৎস থেকে কিনুন। অনলাইন প্রতারণায় ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে। ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন ও কামাল হোসেন জানান, দক্ষিণাঞ্চল থেকে ট্রলার আসায় সরবরাহ বেড়েছে। চাঁদপুরে পদ্মা-মেঘনার ইলিশ তুলনামূলক কম ধরা পড়ছে, তাই দাম পুরোপুরি কমেনি। মৌসুমের সময় এখনো বাকি, সরবরাহ আরও বাড়লে দামও কমবে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, জুলাইয়ের শেষ দিকে ইলিশ আসা শুরু হলেও কিছুদিন সরবরাহ কমে গিয়েছিল। আগস্টের শুরু থেকে আবার সরবরাহ বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ