ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হজ ও ওমরাহ যাত্রীদের জন্য যুগান্তকারী সুবিধা চালু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৬:৫৫:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৬:৫৫:৪৪ অপরাহ্ন
​হজ ও ওমরাহ যাত্রীদের জন্য যুগান্তকারী সুবিধা চালু ​ছবি: সংগৃহীত
পবিত্র হজ ও ওমরাহ পালনে যাওয়া যাত্রীদের জন্য একটি যুগান্তকারী সুবিধা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ইন্টারনেট বা মোবাইলফোনের ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে নুসুক অ্যাপ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে হজ ও ওমরাহ বিষয়ক মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি বলেন, এই উদ্যোগের মাধ্যমে যাত্রাপথ আরও সহজ, সাশ্রয়ী ও ডিজিটালভাবে সাবলীল হবে। ইন্টারনেট ছাড়াই সুবিধা মিলবে আল রওদাহ আল শরিফায় প্রবেশের অনুমতিপত্র ইস্যু, হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং, নুসুক ম্যাপের মাধ্যমে পথনির্দেশনা, যে কোনো জিজ্ঞাসা বা রিপোর্ট জমা দেওয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘নুসুক এআই’সহায়তা।

নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান বলেন, এই সুবিধা ভ্রমণকে আরও নিরাপদ ও দক্ষ করে তুলবে, ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং হজযাত্রীদের হারিয়ে যাওয়ার ঘটনা কমাবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি সর্বজনীন, প্রতিবন্ধকতাহীন প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আগত হজ ও ওমরাহ যাত্রী নির্বিঘ্নে সব ডিজিটাল সুবিধা ভোগ করতে পারেন।

নুসুক অ্যাপ (Nusuk App) হলো সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক একটি সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি মূলত হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি ওয়ান-স্টপ সলিউশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের যাত্রা পরিকল্পনা থেকে শুরু করে ভিসা, ফ্লাইট, হোটেল বুকিং এবং মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি সবকিছু একটি অ্যাপের মাধ্যমে সহজে সম্পন্ন করতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ