অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে সাভার ও মুন্সিগঞ্জে অভিযান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৮-২০২৫ ০৪:৪৮:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৮-২০২৫ ০৪:৪৮:৪১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সরকারের চলমান কঠোর নীতির অংশ হিসেবে সাভার এবং মুন্সিগঞ্জের মেঘনাঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি জরিমানা আদায় ও স্থাপনা ভেঙে ফেলা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে সাভারের একটি ওয়াশিং কারখানাকে অবৈধ গ্যাস সংযোগের জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ৫০টি আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ০.৩ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করা হয়।
এছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে মেঘনাঘাটে অভিযানে চালিয়ে তিনটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনা ভেঙে ফেলা হয়। ফলে দৈনিক প্রায় ১৬ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। অবৈধ কারখানার মালিকদের বিরুদ্ধে ইতোমধ্যেই থানায় এফআইআর করা হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত সারাদেশে পরিচালিত অভিযানে ৬৩ হাজার ৪৪৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার মধ্যে ২৯৩টি শিল্প, ৩২১টি বাণিজ্যিক এবং ৬২ হাজার ৮৩০টি আবাসিক সংযোগ রয়েছে।
একই সময়ে ২৩৫ দশমিক ৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ এবং ১ লাখ ২০ হাজার ৬৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।
অবৈধ সংযোগের বিরুদ্ধে এ অভিযান নিয়মিত চলবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স