ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহনূর খান : স্বল্পায়ু সৃষ্টিক্ষম এক প্রাণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০২:০৮:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:০০:১৩ অপরাহ্ন
শাহনূর খান : স্বল্পায়ু সৃষ্টিক্ষম এক প্রাণ
কবি ও সাংবাদিক শাহনূর খানের ৩৭তম মৃত্যুবার্ষিকী ৮ আগস্ট শুক্রবার। ১৯৮৮ সালের এই দিনে যশোরে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ ক‌রেন। সে সময় দৈনিক খবরের শিফট ইনচার্জের দায়িত্বে ছিলেন তিনি।

শাহনূর খান সাংবাদিকতার পাশাপাশি তিনি সৃজনশীল সাহিত্যচর্চাও অব্যাহত রেখেছিলেন। জীবদ্দশায় তাঁর ছোটগল্প, উপন্যাস, নাটক ও কাব্যসহ একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাধারণ মানুষের জীবনাচরণ, স্বপ্ন, প্রত্যাশা ও স্বপ্নভঙ্গের যন্ত্রণা ছিল শাহনূর খানের সাহিত্য ভাবনার প্রধান বিষয়।

শেষ ষাটের কবি শাহনূর খান। সত্তর দশকে কবিতা, নাটক-সংস্কৃতি ভুবনে ছিল তাঁর বলিষ্ঠ পদচারণা। তিনি মূলত কবি। অসংখ্য কবিতা লিখেছেন যার বেশিরভাগই অপ্রকাশিত।

শাহনূর খান সম্পর্কে কবি শামসুর রাহমানের একান্ত অভিমত বাংলা একাডেমির জীবনী গ্রন্থমালা সিরিজের 'শাহনূর খান' গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে এভাবে- '' জীবনের প্রাথমিক পর্যায়ে তিনি মূলতঃ কবি-কর্মে নিয়োজিত ছিলেন। পরবর্তীকালে জীবিকার তাগিদে তাঁকে সাংবাদিকতায় প্রবেশ করতে হয়। সাংবাদিকতার পেশায় নিজেকে নিয়োজিত করার ফলে তাঁর কবি-কর্ম কিছুটা ব্যাহত হয়েছে বলে আমি মনে করি। শাহনূর খান ব্যক্তিগত জীবনে একজন প্রচ্ছন্ন, নির্বিবাদী মানুষ ছিলেন। কিন্তু তাঁর মধ্যে একজন প্রতিবাদী সত্ত্বা বিদ্যমান ছিলো। তিনি সংকীর্ণতা, গোঁড়ামি এবং অগণতান্ত্রিক ক্রিয়াকাণ্ডের বিরুদ্ধে সব সময় সরব ছিলেন। প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে তাঁর সংযোগ ছিলো অত্যন্ত ঘনিষ্ঠ। শাহনূর খান জাতীয় কবিতা পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন। এক বছর জাতীয় কবিতা পরিষদের প্রচারকার্যে তিনি আন্তরিকভাবে নিয়োজিত ছিলেন।''

নাট্যকার হিসেবেও তাঁর অবস্থান প্রণিধানযোগ্য। তাঁর বেশ কয়েকটি নাটক একাধিক বার মঞ্চস্থ হয়েছে। তবে সবচে সাড়া জাগিয়েছিল তাঁর 'সভাপতি বলবেন' নাটকটি। এটি ছিল স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম মাইলফলক। মৃত্যুর এক বছর আগে টিভিতে সম্প্রচারিত হয় তাঁর 'পরের জায়গা পরের জমি' নাটকটি।

শাহনূর খানের প্রকাশিত গ্রন্থ চারটি

১. অহংকারের সমান (কাব্য, ১৯৮৬)
২. স্মৃতিতে নেই স্বপ্নেও নেই (কাব্য, ১৯৮৬)
৩. পরাজিত পৃথ্বীরাজ (গল্পগ্রন্থ, ১৯৮৯)
৪. শত্রু শত্রু (নাটক, ১৯৯৭)

এছাড়া বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে তাঁর কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও উপন্যাস ছাপা হয়েছে। আর সাংবাদিক হিসেবে লিখেছেন অসংখ্য কলাম।

শাহনূর খানের জন্ম ১৯৪৬ সা‌লের ৫ এ‌প্রিল টাঙ্গাইল জেলার সা‌রেংপুর গ্রা‌মে নানাবা‌ড়ি‌তে। ডা. শাহাদাত আলী খান ও সা‌লেমা খাতু‌নের ১১ ছে‌লে‌মে‌য়ের ম‌ধ্যে সবার বড় তি‌নি।

বাংলা স্কুপ /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ