রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
প্রথম ইউনিটের ‘কোল্ড এন্ড হট’ টেস্ট সম্পন্ন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৮-২০২৫ ০৪:১৯:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৮-২০২৫ ০৪:১৯:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের টার্বাইনে বাষ্প সরবরাহকারী পাইপলাইনের ‘হট এবং কোল্ড’ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর অধীনে পাইপলাইনে বাষ্পের সাহায্যে ব্লো-ডাউন কার্যক্রম পরিচালনা করা হয়। সফল পরীক্ষার পর টার্বাইনে বাষ্প সরবরাহের জন্য পাইপ লাইনগুলো কার্যকরী বলে বিবেচনা করা হচ্ছে।
বুধবার (৬ আগস্ট) এনপিসিবিএল এবং রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এতমস্ত্রয়এক্সপোর্ট ‘কোল্ড এন্ড হট’ টেস্ট সফলভাবে সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছে।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পূর্বে এ জাতীয় পরীক্ষা বাধ্যতামূলক। যার মাধ্যমে টার্বাইন যন্ত্রপাতির নির্ভরযোগ্য এবং নিরাপদ কার্যক্রম নিশ্চিত করা হয়ে থাকে। দুই মেগাপ্যাস্কেল চাপ এবং দু’শ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় বাষ্পের সাহায্যে ব্লো-ডাউন প্রক্রিয়াটি পরিচালনা করা হয়। নকশার চাহিদা অনুযায়ী এই প্যারামিটারগুলো নির্বাচন করা হয় যাতে পাইপলাইনে কোন ধরণের ক্ষুদ্রাতিক্ষুদ্র ময়লা ও আবর্জনার কণা এবং আর্দ্রতা অবশিষ্ট থাকলে তা সম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, এই পরীক্ষা চলাকালে পার্শ্ববর্তী বায়ুমণ্ডলে সবেগে বাষ্প নির্গত হওয়ার ফলে অনাকাঙ্ক্ষিত শব্দের সৃষ্টি হয় যা পূর্ব অনুমেয় ছিল এবং এ সম্পর্কে স্থানীয় জনগণকে আগেভাগেই অবহিত করা হয় যাতে তারা কোন ভাবেই ভীত না হন। বাষ্প সরবরাহকারী পাইপলাইনকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে পরবর্তী ধাপে অধিক পরিমাণ বাষ্প ব্যবহার করে এই ব্লো-ডাউন প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করা হবে। এর ফলে কার্যক্রম চলাকালীন যে লোড পড়বে তার প্রায় কাছাকাছি লোডে যন্ত্রপাতির কার্যমতা নির্ধারণ করা সম্ভব হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স