ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কুয়াকাটায় সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৩:২৩:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৩:২৩:১৬ অপরাহ্ন
​কুয়াকাটায় সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ ​সামাদ সিদ্দিকী । ফাইল ছবি
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মিয়া সামাদ সিদ্দিকী (১৮) নামের এক পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে  সৈকতের শূন্য পয়েন্টের পশ্চিম দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে,  বেলা সাড়ে ১১ টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তিনজন ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন। এসময় স্থানীয়রা দু'জনকে উদ্ধার করলেও সামাদ সিদ্দিকী নামের ওই পর্যটক ঢেউয়ের তোড়ে ভেসে যান।

নিখোঁজ পর্যটকের সঙ্গীরা জানান, মঙ্গলবার (৫ আগস্ট) খুলনা থেকে তারা সাত বন্ধু বুধবার সকালে কুয়াকাটা পৌছেন। কিছুক্ষণ পরে সৈকতের শূন্য পয়েন্টের পশ্চিম দিকে গোসলে নামেন। হঠাৎ তিনজন ঢেউয়ের তোড়ে  গভীর সাগরে ভেসে যান। দুইজনকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করেন। বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস কলাপাড়ার টিম লিডার শাহাদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে  তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। টুরিস্ট পুলিশ নৌ পুলিশ ও স্থানীয়দের নিয়ে নিখোঁজ পর্যটককে উদ্ধার কার্যক্রম চলছে। পাশাপাশি পটুয়াখালী থেকে ডুবুরি টিমের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য রওয়ানা দিয়েছেন।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল  জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ-পুলিশ সদস্যরাও চেষ্টা করে  যাচ্ছেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ