সেই ম্যাজিস্ট্রেটদের খুঁজছে পিবিআই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৮-২০২৫ ১২:৫৮:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৮-২০২৫ ০৪:৩৬:২০ অপরাহ্ন
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের প্রশ্নবিদ্ধ তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের খুঁজছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে তাদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।
এরই ধারাবাহিকতায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের বিষয়ে তথ্য সংগ্রহ করার এ উদ্যোগ নিয়েছে ইসি।
ইসির নির্দেশনায় উপসচিব মনির হোসেনের সই করা চিঠি সোমবার (৪ আগস্ট) সব জেলা প্রশাসক, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়।
চিঠিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বর সরবরাহ করতে বলা হয়েছে।
শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এসব তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) গত ২৪ জুলাই একটি পত্রের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে ম্যাজিস্ট্রেটদের তথ্য চায়।
এর আগে ৩ জুলাই বিতর্কিত ওই তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিলো পিবিআই।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স