কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা বৈঠককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
‘পিটার হাসের সঙ্গে বৈঠক’ ইস্যুতে তিনি জানিয়েছেন, তারা কক্সবাজারে এসেছেন ঘুরতে।
তিনি বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।’
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কক্সবাজারে একটি হোটেলে ওই বৈঠকের সংবাদ প্রকাশ হয়েছে দেশের গণমাধ্যমে।
খবরে প্রকাশ, সকালে উখিয়ার হোটেল সী পার্লে এনসিপির শীর্ষ ৫ নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, খালেদ সাইফুল্লা সাবেক মার্কিন রাষ্ট্রদুত পিটার হাসের সাথে আলোচনায় বসেন।
উল্লেখ্য, আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।
বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বেই হয়েছিল সেই গণঅভ্যুত্থান। সেই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয় এনসিপি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজারে সারজিসরা