ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফার্মগেটে একই সময়ে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১১:২৭:১০ পূর্বাহ্ন
ফার্মগেটে একই সময়ে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ প্রতীকী ছবি
রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাতে একই সময়ে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এবং খামারবাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ হয়। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি চলন্ত মাইক্রোবাস থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। শব্দ শুনে সাথে সাথেই স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসে উপস্থিত হন।

পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বলেন, আমাদের ধারণা ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগ-ছাত্রলীগ নাশকতার চেষ্টা করছে। পরিকল্পনার অংশ হিসেবে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা সজাগ আছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ওসি মোবারক হোসেন বলেন, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায় রাত ১১ টার দিকে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

একই সময়ে খামারবাড়ি খেজুরবাগান ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায় কে বা কারা একটি ককটেল রাস্তায় ছুঁড়ে পালিয়ে যায়। ককটেলটি বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামতও সংগ্রহ করা হয়েছে।

বাংলা স্কুপ /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ