ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৮-২০২৫ ০১:৫৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৮-২০২৫ ০২:২৭:০৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ডা. সজীব সরকারের অসুস্থ মায়ের জন্য আরো একটি অক্সিজেন কনসান্ট্রেটর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ডা. সজীবের বাবা হালিম সরকারের হাতে অক্সিজেন কনসান্ট্রেটরটি তুলে দেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
অক্সিজেন কনসেনট্রেটর হলো একটি যন্ত্র যা বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে এবং নাইট্রোজেনকে সরিয়ে দেয়, যার ফলে ব্যবহারকারী বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারে। শনিবার (২ আগস্ট) 'আমাদের জুলাই' আয়োজিত "জুলাই চিকিৎসকদের গল্প" শিরোনামে এক অনুষ্ঠানে শহীদ ডা. সজীব সরকারের অসুস্থ মায়ের জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটর প্রয়োজনীয়তার কথা জানান হালিম সরকার।
বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। তিনি সে অনুষ্ঠানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা সাপেক্ষে ৩ দিনের ভিতর অক্সিজেন কনসেনট্রেটর দেয়ার প্রতিশ্রুতি দেন।
এর দুইদিনের মধ্যেই ডা. সজীবের বাবার হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেয়া হলো।
উল্লেখ্য, গত ২৯ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডা. রফিক সজীবের মায়ের জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিয়েছিলেন। একটি দিয়ে তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা না হওয়ায় দ্বিতীয়টি উপহার দেয়া হলো।
অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেয়ার সময় সংক্ষিপ্ত বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপি কথা রাখতে জানে। সজীবের মায়ের কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ।
তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ অনেক পরিবারের খোঁজ না রাখার অভিযোগ আমরা পাই এবং এই ব্যাপারে সবসময় আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট।
এসময় তিনি ডা. সজীবের বাবা ও মায়ের কাছে বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের জন্য দোয়া চান।
ডা. সজীবের বাবা তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স